ছড়া - কবিতা ১ । ফাল্গুন ১৪৩২





আয় ফিরে আয় 













শীতল চট্টোপাধ্যায়

উত্তর ২৪পরগণা, পশ্চিমবঙ্গ



 

এ মাঠ ছেড়ে ও মাঠ পেরোয়
দুলতে-দুলতে কাটা ঘুড়ি,
দূরের পরে আরও দূরে
ছন্দ কাটায় যাচ্ছে উড়ি।

একটি ছেলে ঘুড়ির পিছু
ছুটে গেলো অনেকখানি,
নিজের চেনা মাঠটা তখন
পিছু ডেকে নিলো টানি।

বলল-ছেলে, হারাবি যে
সূর্য ডুবে সন্ধে হলে,
আয় ফিরে আয় চেনা মাঠে
আলোয় যা তু্ই বাড়ি চলে।

কাটা ঘুড়ি কোথায় যাবে
জানেনা সে নিজেও কিছু,
তারের বেড়া টপকে গেলে
কী লাভ হবে ছুটে পিছু।