akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

কবিতা-ছড়া ২ । চৈত্র ১৪৩২















আব্দুল হালিম

আগরতলা, ত্রিপুরা



 

ওই যে দূরের জলার ধারে
কলমীঝোপের পাশে,
একটি ছেলে আজ বিকেলে
বড়শি নিয়ে আসে
 
আসার সময় আজ খেয়েছে
মায়ের হাতের দই,
ধরবে বলে ট্যাংরামাগুর,
ধরবে কাতলকই
 
জলের নীচে টোপ ছড়িয়ে
তাকিয়ে থাকে জলে,
ওপার থেকে দক্ষিণ হাওয়া
বইছে কোলাহলে
 
হাওয়ার তালে দুলছে সুখে
কলমীলতার ঝাঁক,
একটু দূরেই শুনতে পেলো
সারসপাখির ডাক
 
শাপলা যেন ঢেউয়ের সাথে
খেলছে লুকোচুরি,
জলের উপর ভেসেই যেন
ঢেউকে করে চুরি
 
বিকেল গিয়ে সাঁঝ ঘনালো,
খোকার খালি হাত,
একটু পরেই উঠবে হেসে
জোনাকজ্বলা রাত
 
ঈশান কোণে তারার হাসি,
সময়ঘড়ি চুপ,
বড়শিতে আজ মাছ পড়েনি,
গিললো না যে টোপ
 
তবুও খোকা ভীষণ খুশি,
যাচ্ছে ফিরে ঘরে,
কাল বিকেলে আসবে আবার
এমন তেপান্তরে
 

 

সূচিপত্র