ঢাকি ফিরে যায় বিসর্জনের পরে,
ফিরে যায় তার দুখজর্জর ঘরে।
ঢাকি ফিরে আসে আবার পঞ্চমীতে
টানটুন করে পুরনো ঢাকের ফিতে।
পঞ্চমী থেকে দশমীর দিনগুলো
ভুলে থাকে তার সংসার চালচুলো।
ভুলে থাকে ধ্যান কুড়াকুড় বাজনায়
বাড়ি তার বুঝি সুটিয়া কি গাজনায়।
হয়তো বা থাকে কোন সে নাজানিপুর,
যেখানেই থাক, ঢ্যাম কুড়াকুড় কুড়--
বাজনায় তার কয় দিন মেতে থাকি।
বাকিটা বছর কি করে কাটায় ঢাকি!
ঢাকি ফিরে যায় বিসর্জনের পরে,
পঞ্চায়েতের জব কার্ডে কাজ করে।