ছড়া - কবিতা ৫ । ফাল্গুন ১৪৩২

শীতকালই ভালো বেশ  













প্রদীপ রঞ্জন দাস

কলকাতা, পশ্চিমবঙ্গ 



 

শীতে কেউ গীত গায় তোমরা কি শুনেছ?
ঠাণ্ডায় কতবার হাত কাঁপে গুনেছ?
লেপ-কাঁথা ফেলে ভোরে শীতকালে উঠেছ?
কাছেপিঠে মাঠে গিয়ে ছোটাছুটি করেছ?
ঘরে ফিরে খেজুরের রস পেড়ে খেয়েছ?
বেলা হলে পুকুরের জলে নাওয়া করেছ?

এইসব প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ হলে,
আর কিছু শুধাবো না দেখে নিও তাহলে।
তবু বলি, শীতটাকে ভয় মোটে পেও না,
শীতভয় নিয়ে মনে ঘরে বসে যেও না।
ঢেকেঢুকে থাক যদি সোয়েটারে চাদরে,
দেখবে যে শীত এসে বলবেই আদরে -
খেয়ে নাও, গোটাকয় কমলাই যদি পাও!
পাটালি ও দুধমুড়ি পার যদি খেয়ে নাও!

ফুলকপি পালং-শিম বাঁধাকপি ও মুলো,
শীতকালে উপকারী, জেনো এই সবগুলো।
খাওদাও, দল বেঁধে যাও দূরে বেড়াতে,
আর কর দিনভর কাজ শীত এড়াতে।
দেখবে যে, শীতকালই লাগছে তো ভালো বেশ,
ছুটে ঘুরে কোনো কাজে ক্লান্তির নেই রেশ!