ছড়া - কবিতা ৩ । ফাল্গুন ১৪৩২






গ্রাম্য জীবনের কথকতা 













অর্ণব সামন্ত 

২৪পরগণা, পশ্চিমবঙ্গ



 

সকাল শুরু কাকলিতে 
দুপুর ঝিমোয় ঘুঘুর ডাকে ,
বিকেল ওড়ায় কবুতর 
সন্ধে ভরায় ঝিঁঝিঁ, শাঁখে ।

রূপালি গাঙ বয়ে চলে 
প্রজাপতি ফুলের বুকে ,
শিশির ঝরে মুথা ঘাসে 
মায়ের কোলে শিশু সুখে ।

সকালে পাঠ, বিকেলে খেলা
রাতে গল্প হাট্টিমা টিম ,
মায়াবী এক স্বপ্ন নামে
তোড়ায় বাঁধা ঘোড়াস্য ডিম ।

সারাটা দিন শস্যশ্যামল 
সারাটা রাত রূপকথাময় ,
হাসতে খেলতে দিন চলে যায় 
এই জীবনের চুপকথায় !