ল্যাংড়াকে ডেকে বলে আম্রপালি,
'আমের বাজারে আমি প্রভাবশালী।'
দশেরিও চুপচাপ শুনছিল একা,
শেষে বলে, 'বুঝেছি, ঢের আছে দেখা,
তোর মত কত আম এলো গেলো সব
চামচিকে শুনে হাসে গল্প আজব !'
ফজলিকে কাছে ডাকে আলতাপেটি,
'চৌসার রমরমা ? হবে না সেটি !
গোপালভোগ আর লক্ষণভোগ
ছড়িয়েছে মার্কেটে কতশত রোগ।'
ঝুড়িতে ভর্তি আছে কত গুটি-আম,
ফিসফিস করে তাকে শুধু শোনালাম:
'ঠিকঠাক স্বাদটুকু পেতে যদি চাস,
স্বাদগুণে মহীয়ান এ গোলাপখাস।'
তাই শুনে মল্লিকা বৌসোহাগী
নির্বাক আমেদের মিছিলভাগী।
আশ্বিনা মাহালিশা আর বোম্বাই
এসে করে ছটফট পালাই পালাই।
হিমসাগরের আসা শুরু হল যেই
সকলেই একমত : বিকল্প নেই।