akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

কবিতা-ছড়া ৩ । শ্রাবণ ১৪৩৩



দাদুর পায়রা











দিলীপ কুমার

দাস

বর্ধমান, পশ্চিমবঙ্গ


 

খোকা-খুকু জানিস তোরা, তোদের দাদুর খবর

কেমন ছিল মানুষটার পায়রাগুলির ঘর

 

চায়ের পেটির ঘর তো নয় বক-বকমে ভরা

পায়রাগুলির শখ ছিল যখন তখন ওড়া

 

দাদুর তখন হাততালি মুখের কোনায় বোল

গেরোবাজদের ডিগবাজি না মেঘের কোলে দোল

 

উঠান যখন ভরত রোদে নামত এসে সব

দাদুর দেয়া চালের খুদে জমত মহোৎসব

 

তোদের দাদুর এরাই ছিল প্রাণের সহচর

মানুষটার কাছেই ছিল ওদের যত আদর

 

না থাকলেই তোদের দাদু কয়েকটা দিন ঘরে

ভুগত যেন পায়রাগুলি ভীষণরকম জ্বরে

 

কিন্তু যেই ফিরত সে বুঝতে পারতিস দেখলে

সবক'টা ঐ পায়রা কেমন আদর দিচ্ছে ঢেলে

 

এখন সেই পাখিরাও নেই, দাদুও গেছে স্বর্গে

পারলে তোরা যা না এখন, ওদের স্মৃতি ধর গে

   

সূচিপত্র