ছড়া - কবিতা ১ । অগ্রহায়ণ ১৪৩২


টুনটুনির ছড়া 














সবিতা রায় বিশ্বাস

কলকাতা, পশ্চিমবঙ্গ



 

চুপ চুপ কথা নয় কোরো নাকো গোল

চুরি গেছে রাজকোষে খুব শোরগোল

যত ছিল টাকাকড়ি রাখা সিন্দুকে

চুরি গেছে এক টাকা বলে নিন্দুকে

 

বাগানের কোনে ছিল টুনটুনি বাসা

তাতে ছিল সেই টাকা ঝলমল খাসা

টুনটুনি মুখে তাই ধরে নাতো হাসি

শোকে দুখে মরে রাজা খক্ খক্ কাশি

 

মহাসুখে টুনটুনি গায় ছড়া গান

রাজধন লাভে আহা বাড়ে সম্মান

টুনি কথা শুনে রাজা কাঁপে থর্ থর্

আনো টাকা এইক্ষণে আনো সত্ত্বর 

 

টাকা এলো রাজকোষে উড়ে গেল সুখ

মহাঠ্যাঁটা টুনটুনি খোলে তার মুখ

রাজা রেগে মুঠো মুঠো ছেঁড়ে তার চুল

টাকাখানি এনে তবে করেছিনু ভুল

 

ধর্ ধর্ পাখিটাকে খাবো আজ ভাজা

টুনি নয় ব্যাঙ খেয়ে ঠকে যান রাজা

রানীদের নাক কাটে রাজ জল্লাদ

টুনটুনি গান গায় ভারি আহ্লাদ

 

রেগে গিয়ে রাজা বলে টুনি খাবো গিলে

সেই শুনে ভয় পেয়ে চমকায় পিলে

হাত কেঁপে সিপাহীটা কাটে রাজনাক

টুনটুনি রাজা কথা আজ তবে থাক।