akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

আবিষ্কারের কাহিনি - ৫ । চৈত্র ১৪৩২







এই নীলগ্রহের জন্মলগ্ন থেকেই ঘটে চলেছে কতই না আজব কাণ্ডকীর্তি। বিশেষত মানুষ বা তার পূর্ব-প্রজাতির সৃষ্টির মুহূর্ত থেকে জন্ম নিয়েছে নতুন নতুন আবিষ্কার। আদিযুগ থেকে বিভিন্ন অন্বেষণ আর আবিষ্কারের যথাসম্ভব তথ্য ক্রমানুসারে নথিভুক্ত করার চেষ্টা করা হয়েছে এই ধারাবাহিকে।


বর্শা

( খ্রি স্ট পূ র্ব  ৪, ০ ০, ০ ০ ০ )





 

প র্ব - ৫

মানবসভ্যতার সূচনালগ্ন থেকে মানুষকে বেঁচে থাকার জন্য প্রকৃতির সঙ্গে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা এবং পরিবেশের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য মানুষ ধীরে ধীরে নানাধরনের অস্ত্র ও সরঞ্জাম তৈরি করেছে। 

এসবের মধ্যে বর্শা মানবজাতির অন্যতম প্রাচীন এবং দীর্ঘকাল ধরে ব্যবহৃত প্রযুক্তি। প্রত্নতত্ত্ববিদদের মতে, বর্শার ব্যবহার অন্তত চার লক্ষ বছরেরও বেশি পুরোনো। গাছের সরল ডাল থেকে শুরু করে পাথর ও ধাতব ফলাযুক্ত অস্ত্রে রূপান্তর—এই দীর্ঘ বিবর্তনের ইতিহাস মানুষের বুদ্ধি, কৌশল ও প্রযুক্তিগত অগ্রগতির এক গুরুত্বপূর্ণ দলিল

মানুষের আদিম পূর্বপুরুষেরা যখন আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমি ও বনভূমিতে বসবাস করত, তখন তাদের জীবনের প্রধান চাহিদা ছিল শিকার ও খাদ্য সংগ্রহ। ছোটোখাটো শিকার সম্ভব হলেও বড়ো প্রাণী শিকার করা ছিল অত্যন্ত বিপজ্জনক। তাই দূর থেকে আঘাত করতে পারে এমন অস্ত্রের প্রয়োজন হয়ে পড়ল তখন। প্রথম দিকে শিকার কার্যে মানুষ পাথর ছুড়ে মারত বা ভারী লাঠি ব্যবহার করত। কিন্তু সময়ের সঙ্গে তারা বুঝতে পারে যে গাছের লম্বা একটা ডাল যদি ধারালো করে তোলা যায়, তবে তা অনেক বেশি কার্যকর হতে পারে শিকারে। এই সহজ ধারণা থেকেই জন্ম নেয় বর্শা

আধুনিক গবেষণায় দেখা গেছে যে অস্ত্র ব্যবহারের মৌলিক ধারণা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। পশ্চিম আফ্রিকার Kédougou অঞ্চলে শিম্পাঞ্জিদের আচরণ পর্যবেক্ষণ করতে গিয়ে বিজ্ঞানীরা দেখেছেন যে তারা গাছের শক্ত ডাল ভেঙে নেয় এবং দাঁতের সাহায্যে ডালের একপ্রান্ত ধারালো করে তোলে। এরপর সেই ডাল দিয়ে ছোটোখাটো প্রাণী শিকারের চেষ্টা করে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এই আচরণ পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ, এটি প্রমাণ করে যে অস্ত্র তৈরির মৌলিক ধারণা মানুষের পূর্বপুরুষদের মধ্যেও বিদ্যমান। যদিও মানুষের তৈরি বর্শা অনেক বেশি উন্নত ছিল, তবুও এই পর্যবেক্ষণ প্রাগৈতিহাসিক প্রযুক্তির উৎস বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র নির্দেশ করে

প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় যে প্রায় খ্রিস্টপূর্ব ৪০০,০০০ বছর আগে মানুষ গাছের শক্ত ডালের তৈরি বর্শা ব্যবহার করত। ডালের ছাল ছাড়িয়ে তার অগ্রভাগ ধারালো করা হত। অনেক ক্ষেত্রে সেটি আগুনে সেঁকে আরও শক্ত করা হত যাতে সহজে ভেঙে না যায়। ইউরোপে পাওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই ধারণাকে সমর্থন করে। বিশেষ করে জার্মানির Bremen অঞ্চলের কাছাকাছি এলাকায় পাওয়া শিকারিদের ব্যবহৃত অস্ত্রের নমুনা থেকে বোঝা যায় যে সেই সময় মানুষ পরিকল্পিতভাবে অস্ত্র তৈরি করত

মানুষ যখন আগুন নিয়ন্ত্রণ করতে শেখে, তখন তাদের প্রযুক্তিতে এক নতুন যুগের সূচনা হয়। আগুন শুধু উষ্ণতা গ্রহণ বা খাদ্য রান্নার জন্য নয়, অস্ত্র উন্নত করার কাজেও এর ব্যবহার শুরু হয়। প্রায় খ্রিস্টপূর্ব ২৫০,০০০ বছর আগে শিকারিরা বর্শার অগ্রভাগ আগুনে সেঁকে শক্ত করার কৌশল ব্যবহার করত বলে ধারণা করা হয়। এতে ভেতরের আর্দ্রতা কমে গিয়ে কাঠ হয়ে ওঠে লৌহ কঠিন। এই প্রযুক্তিগত পরিবর্তন বর্শাকে আরও কার্যকর করে তোলে

মানুষের প্রযুক্তিগত কল্পনাশক্তি এখানেই থেমে থাকেনি। তারা দ্রুত বুঝতে পারে যে কাঠের চাইতে পাথর অনেক বেশি ধারালো হতে পারে। তাই কাঠের ডালের অগ্রভাগে ধারালো পাথর বাঁধতে শুরু করে। প্রত্নতাত্ত্বিকদের মতে, প্রায় খ্রিস্টপূর্ব ২৮০,০০০ বছরের কাছাকাছি সময়ে এই প্রযুক্তির ব্যবহার দেখা যায়। পাথরের ফলক সাধারণত তৈরি হত ফ্লিন্ট বা অন্যান্য শক্ত পাথর থেকে। এগুলোকে কাঠের ডালের সঙ্গে পশুর শিরা, চামড়া বা উদ্ভিদের তন্তু দিয়ে বাঁধা হত। এর ফলে বর্শা হয়ে ওঠে আরও মারাত্মক এক অস্ত্র

বর্শার উন্নতির ফলে মানুষ এইবারে বড়োসড়ো প্রাণী শিকার করতে সক্ষম হয়। তদানীন্তন যুগে ম্যামথ, বাইসন এবং অন্যান্য বৃহৎ প্রাণী শিকার করার প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে। জার্মানির Bremen অঞ্চলে পাওয়া একটি ম্যামথের কঙ্কালে বর্শার আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি প্রমাণ করে যে মানুষ শুধু অস্ত্র তৈরি করত না, ততদিনে দলবদ্ধভাবে শিকার করতেও শিখে গিয়েছিল বরং। একটা ম্যামথ শিকার করতে হলে বহু মানুষের সমন্বয় প্রয়োজন হত। কিছু শিকারি প্রাণীটিকে তাড়া করত, অন্যরা আক্রমণের সুযোগ খুঁজত। তবে এই ধরনের শিকারও কম ঝুঁকিপূর্ণ ছিল না

বর্শার ব্যবহারের নিদর্শন পৃথিবীর বহু অঞ্চলে পাওয়া গেছে। আফ্রিকা, ইউরোপ, এশিয়া এবং আমেরিকার প্রত্নতাত্ত্বিক স্থানে এর প্রমাণ রয়েছে। সাহারা অঞ্চলের প্রাগৈতিহাসিক শিকারস্থল, আফ্রিকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান এবং মধ্য আমেরিকার নিদর্শন থেকে বোঝা যায় যে বর্শা মানবসভ্যতার একটি বৈশ্বিক প্রযুক্তি ছিল। মানবসভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে এই প্রযুক্তি যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে স্বাধীনভাবে বা যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, তা স্পষ্ট। এই বিস্তৃত ব্যবহারের কারণ ছিল এর যান্ত্রিক সরলতা। একটি বর্শা তৈরি করতে জটিল যন্ত্রপাতির প্রয়োজন হত না। একটি শক্ত ডাল এবং কিছু পাথরই যথেষ্ট ছিল

মানুষ যখন ধাতুর ব্যবহার শিখল, তখন অস্ত্র প্রযুক্তিতে বড়োসড়ো এক পরিবর্তন ঘটে। প্রথমে তামা, পরে ব্রোঞ্জ এবং শেষে লোহার ব্যবহার শুরু হয়। বর্শার নকশারও নতুন যুগ শুরু হয় তখন। ধাতব ফলাযুক্ত বর্শার সুবিধা ছিল অনেক। যেমন তা অনেক বেশি ধারালো, দীর্ঘস্থায়ী, সহজে ভাঙে না, বড়োসড়ো প্রাণীর বিরুদ্ধে বেশি কার্যকর ইত্যাদি। এর ফলে শিকার কর্মে আরও সাফল্য আসতে শুরু করে এবং যুদ্ধক্ষেত্রেও বর্শার গুরুত্ব বাড়ে

মানব ইতিহাসের প্রায় সব প্রাচীন সভ্যতায় বর্শা ছিল প্রধান অস্ত্র। সৈন্যদের জন্য এ ছিল সহজে তৈরি হওয়া কার্যকর এক অস্ত্র। উদাহরণস্বরূপ বলা যায়— প্রাচীন মিশরীয় সৈন্যরা বর্শা ব্যবহার করত। গ্রিক সৈন্যদের লম্বা বর্শা ছিল যুদ্ধের মূল অস্ত্র। রোমান সেনাবাহিনীর বিশেষ নিক্ষেপযোগ্য বর্শা ছিল। ভারত ও চিনের সেনাবাহিনীতেও বর্শার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দীর্ঘ সময় ধরে বর্শা যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, কারণ এর ব্যবহার ছিল তুলনামূলক সহজ এবং দূরত্ব বজায় রেখে আক্রমণ করা যেত

বর্শা মানব সমাজের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বড়ো প্রাণী শিকার করতে হলে দলগত পরিকল্পনার প্রয়োজন হত। ফলে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ এবং সামাজিক কাঠামো উন্নত হয়। বিকাশ ঘটে কৌশল ও নেতৃত্ব ক্ষমতারও

অনেক গবেষক মনে করেন যে উন্নত শিকার প্রযুক্তি মানুষের খাদ্যসংস্থান বৃদ্ধিতে সহায়ক হয়েছে। প্রোটিনসমৃদ্ধ খাদ্য মানব মস্তিষ্কের বিকাশেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। সেই অর্থে বর্শা শুধু অস্ত্রমাত্র নয়, মানব বিবর্তনের ইতিহাসেও বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান

সময়ের সঙ্গে সঙ্গে বর্শা অনেক সংস্কৃতিতে শৌর্য, বীর্য এবং যোদ্ধা সত্তার প্রতীক হয়ে ওঠে। বিভিন্ন আদিবাসী সমাজে বর্শা আজও ঐতিহ্যের অংশ। আঞ্চলিক নৃত্য, উৎসব এবং আচার-অনুষ্ঠানে বর্শার প্রতীকী ব্যবহার দেখা যায়

মানবসভ্যতার দীর্ঘ ইতিহাসে বর্শা একটি অসাধারণ প্রযুক্তিগত উদ্ভাবন। গাছের ডাল থেকে শুরু করে পাথর এবং ধাতব ফলাযুক্ত অস্ত্রে এই রূপান্তর মানুষের সৃজনশীলতা ও কৌশল পদ্ধতির বিবর্তনের পরিচায়ক। প্রায় চার লক্ষ বছরেরও বেশি সময় ধরে বর্শা মানুষের জীবনের অংশ—শিকার, যুদ্ধ, সংস্কৃতি এবং প্রযুক্তির ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম। মানুষের বিবর্তন, প্রযুক্তিগত উন্নয়ন এবং সামাজিক সংগঠনের ইতিহাস বোঝার জন্য বর্শার ইতিহাস এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এ শুধু এক অস্ত্রমাত্র নয়; বরং মানুষের অভিযোজন ক্ষমতা ও উদ্ভাবনী শক্তির প্রতীক।      (চলবে)


 

..............

আ র ও  প ড়ু ন   -

পর্ব - ১ । পাথরের যন্ত্রপাতি

পর্ব - ২ । নিয়ন্ত্রিত আগুন 

পর্ব - ৩ । আশ্রয় 

পর্ব - ৪ । পোশাক-পরিচ্ছদ

সূচিপত্র